
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দ্যা ডেইলি প্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ মুরাদ হাসান মুন্না।
শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মোঃ মুরাদ হাসান মুন্না বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে নতুন ধারার সূচনা করেছে।
তিনি বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে তৌফিক ইমরোজ খালিদী পেশাদারিত্ব, তথ্যনির্ভর সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কর্মময় জীবন বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মুরাদ হাসান মুন্না আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন এবং ডিজিটাল সাংবাদিকতার বিস্তারে তৌফিক ইমরোজ খালিদীর অবদান দীর্ঘদিন স্মরণ করা হবে। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে মারা যান বলে জানানো হয়েছে। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।
তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিনিধি 















