
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন ইমরুল হাসান অভি তালুকদার। শুক্রবার বিকেলে তিনি সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন।
শোভাযাত্রাটি জারিয়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে স্থানীয় তরুণ, যুবক ও সমর্থকেরা অংশ নেন। পরে শোভাযাত্রাটি একটি পথসভায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে অভি তালুকদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
পথসভায় ইমরুল হাসান অভি তালুকদার বলেন, “আমি জারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। চেয়ারম্যান হওয়া আমার মূল উদ্দেশ্য নয়; জনগণের ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। জনগণ আমাকে সুযোগ দিলে ৪নং জারিয়া ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করতে চান তিনি।
অভি তালুকদার বলেন, “জারিয়া ইউনিয়নের মানুষের সমর্থন ও দোয়াই আমার মূল শক্তি। সুযোগ পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।”
শোভাযাত্রায় উপস্থিত কয়েকজন সমর্থক দাবি করেন, অভি তালুকদার দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তাদের ভাষ্য, তরুণদের একটি অংশ তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন করছে।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচন কমিশন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির গেজেট প্রকাশ করেছে।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি 
















