
ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি যাত্রীবাহী স্টিল বডি নৌকা থেকে ৩০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার ১৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরা-এর কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় মনপুরা উপজেলার জনতা ঘাট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী স্টিল বডি নৌকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
অভিযান শেষে মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কাজল রেখা-র উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত চায়না দুয়ারি জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জলাশয়ের সব ধরনের মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জাল ব্যবহারের ফলে বড় মাছের পাশাপাশি পোনা ও ডিমও ধ্বংস হয়ে যায়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে এ ধরনের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মোঃ ওসমান গনি,বিশেষ প্রতিনিধি মনপুরা ভোলা 
















