
নড়াইলের কালিয়ায় পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’কে ১৫ হাজার টাকা এবং নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি 
















