
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। অগ্নিকাণ্ডের পর উদ্ভূত জরুরি পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ হাসপাতাল প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে পদদলিত হয়ে কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। তবে আগুনের আতঙ্ক ও অসুস্থতার কারণে দুজনের মৃত্যুর কথা তিনি জানান।
এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পূর্বের পাঁচ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশনায় পুনর্গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পরিদর্শন ও পর্যালোচনা সভায় হাসপাতালের বহুতল ভবনের পাঁচটি প্রধান সিঁড়ির মধ্যে চারটি তালাবদ্ধ থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। জরুরি পরিস্থিতিতে অধিকাংশ সিঁড়ি কেন তালাবদ্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন প্রতিমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এ ছাড়া অগ্নিকাণ্ডের পর চিকিৎসাধীন রোগীর সংখ্যা ও অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থাপনা পরিকল্পনা দ্রুত প্রস্তুতের জন্য প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের অগ্নিকাণ্ডের ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)