
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৬৫) মৃত্যুর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বর্বরোচিত ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টির পর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভৈরব রেলওয়ে থানা পুলিশ, ঢাকা রেলওয়ে জেলা ডিবি এবং র্যাব-১১ নরসিংদীর যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত অসহায় ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করে এবং তার দীর্ঘদিনের সঞ্চিত সব অর্থ লুট করে নিয়ে যায়।
পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অসহায় বৃদ্ধার ওপর এমন অমানবিক নির্যাতনের খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ ও র্যাব।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ দুপুরে র্যাবের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
আমাদের ইমেইল thedailyprimenewsbd@gmail.com
কপিরাইট © দ্যা ডেইলি প্রাইম নিউজ (আন্তর্জাতিক নিউজ পেপার ও মিডিয়া কোম্পানি)